Tuesday, December 21, 2010

শুধু তোমাকে লেখা (2)

শেষ পর্যায়
======================

চিনতে পারব না আর তোমায়


হলদেটে গাল ভরিয়ে দিয়েছে

সাত আবির রঙ

লজ্জা এঁকে দিয়েছে চোখের কোনে

আকাশে জড়িয়ে থাকে যেমন কালো মেঘ



ছুঁতে পারব না আর তোমায়

পাঁচিল ডিঙ্গিয়ে পায়ের তলায় মাটি

অনেক নতুন পিছল পথ কুয়াশায়

আমার স্বপ্ন ধাওয়া করে পারে না সেখানে

হেরে যায় আমার মধ্যবিত্ত পদক্ষেপ



আর উঁকি মারে না সেই

দরজা পেরিয়ে রবীন্দ্রনাথ

আগলে ধরে না আমার পথ

তাই আঁকার খাতা ফাঁকাই থাকলো একা

রঙতুলি বললো অসহায়



বুক পকেটে যত্নে তোমার গন্ধ এখনো

বিক্রি করিনি কোনো অনটনে

বিক্রি হয়নি সে কোনো কান্নায়

নিকোটিনের স্পর্শে আজও তাই

মুছে যায় আমার সভ্যতার অভিনয়



আমিও হারিনি তবু কোনো অপমানে

কোনো অভিমানে

হয়ত মুখখানা বদলে গেছে অস্থিরতায়

হয়ত নতুন পাতায় কেউ লিখেছে অন্য নাম

তবু আমার কিছু বলার আছে তোমায়



হয়ত কেউ বলে দেবে সময় আমায়

আমার পেরিয়ে আসা রাস্তা মাঠ

আমার শুস্ক চোখ, আমার অহংকার

তাই কোনো ছেঁড়া পাতায় কোনো কবিতা

পেলাম না দেবার আজ তোমায়



আমি জড়ো করেছিলাম পাথর

সমুদ্র যখন শান্ত অমানিশার

আটকে দিয়েছে আমায় সুখ

আমার ফিদিনের হিসেবনিকেশ

আমার কঠিন জ্বালা সহ্যের অভ্যেস



এখনি আমি থেমে যাব

দিনের ভ্রুকুটিতে, কাকের শব্দজালে

হারানো স্মৃতি হাতরে পেয়েছি শেষমেষ

সবকিছু আজও একই আছে চোখে

আজও সেই কালো চুলের আঁধারে আমি বিদিশা



শুধু হাজার পাঁচেক মাইল আটকে রেখেছে ভোর

সময়ের ব্যবধানে

তবু পাল্টে যায়নি কিছু, কোনো কবিতাই

আজও আমি ভালবাসি বারবার তোমায়

অনেক আঘাতের পরও

অনেক দিনের ব্যস্ততায়, ব্যর্থতায়

অনেক হারানো খামে



তবু ভালো থেকো দিন, আশা বাঁচিয়ে রেখো আমায়

আমি অনেক কিছু হারিয়ে ফিরিয়ে নিলাম হাত

আর আগামী দিলাম তোমায়